নূর হোসেনদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, তাঁর ভাই ও সহযোগীদের বিরুদ্ধে চঁাদাবাজি ও লুটপাটের আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগটি দায়ের করেন আকরাম হোসেন নামের এক ব্যবসায়ী।
অভিযোগে নূর হোসেনের ভাই নূরউদ্দিন, সহযোগী সামছুল আলম, লোকমান আহাম্মদ, ফজলুল হক, আলী মাহমুদ, নূর হোসেন ওরফে হীরা, কাইয়ুম, সালাউদ্দিন, মিলন, আবুল কালাম, হুমায়ুন কবির, শহীদুল্লাহ এবং অজ্ঞাত সাত-আটজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়।
ব্যবসায়ী আকরাম হোসেন অভিযোগে উল্লেখ করেন, ২০০৫ সালের ১ জুলাই থেকে তিনি শিমরাইলের কাসসাফ শপিং টাওয়ারে তৈরি পোশাক ও প্রসাধনীর ব্যবসা করে আসছিলেন। ২০১২ সালের ১৭ ডিসেম্বর ফজলুল হক মোবাইল ফোনে তাঁকে জানান, নূর হোসেন দোকানের জন্য চার লাখ টাকা চাঁদা ধরেছেন। তিন দিনের মধ্যে চাঁদা না দিলে দোকানে তালা লাগিয়ে দেওয়া হবে৷ আকরাম হোসেন মার্কেট কার্যালয়ে গিয়ে নূর হোসেনের ভাই নুরউদ্দিন, লোকমান আহম্মেদ ও সামসুল আলমকে জানালে তাঁরাও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দিতে বলেন৷
আকরাম হোসেন অভিযোগ করেন, পরবর্তী সময়ে ২০১৩ সালের ২৫ মে তিনি খবর পেয়ে মার্কেটে গিয়ে দেখেন নূর হোসেন তাঁর ভাই নুরউদ্দিন ও সহযোগীদের নিয়ে দোকানের মালপত্র লুট করে নিচ্ছেন৷ তাঁরা পণ্যসামগ্রী, এসি, কম্পিউটারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করেন৷
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
তিন পুলিশ কর্মকর্তাকে তলব: সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আজ সোমবার জেলা সার্কিট হাউসে ফতুল্লা মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিনের সাক্ষ্য নেবে৷