নূর হোসেনের অপকর্মের তথ্য চাওয়ায় হয়রানি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনে কাউন্সিলর নূর হোসেনের অপকর্মের তথ্য চাওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা করা হয়৷ এসবই করা হয় সাবেক পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের নির্দেশে৷
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে গতকাল সোমবার গণশুনানিতে অংশ নিয়ে ওই অভিযোগ করেন মামলার আসামি শেখ আলী আহমেদ৷ গতকাল আলী আহমেদসহ বেশ কয়েকজন জেলা সার্কিট হাউসে তদন্ত কমিটির কাছে গণশুনানিতে সাক্ষ্য দেন৷ এ ছাড়া জেলা পুলিশের সাবেক ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি৷
অভিযোগকারী শেখ আলী আহমেদ নগরের মাসদাইর এলাকার বাসিন্দা৷ তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে যাত্রার নামে অশ্লীল নাচের প্রদর্শনী, জুয়া ও হাউজি খেলার আয়োজন, মাদক ব্যবসা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম জানতে চেয়ে গত বছরের ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়াল ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন৷ নারায়ণগঞ্জের সাত হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের মদদে ওই ট্রাকস্ট্যান্ডে এসব অপতৎপরতা চালানো হচ্ছিল৷ তাঁর আবেদনের পর জেলা প্রশাসক ১৭ সেপ্টেম্বর তাঁকে জানান, জেলা প্রশাসন যাত্রার অনুমতি দেয়নি৷ পরদিন পুলিশ সুপারের কার্যালয় থেকেও তাঁকে চিঠি দিয়ে একই উত্তর দেওয়া হয়৷ ওই দিনই তিনি জুয়া, হাউজিসহ মাদক ব্যবসা বন্ধে পুলিশ সুপারের কাছে আবেদন করেন৷ কিন্তু পুিলশ সুপার কোনো পদক্ষেপ নেননি৷
আলী আহমেদ বলেন, নূর হোসেনের অপকর্মের তথ্য চাওয়ার কারণে তাঁকে সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার তিনটি মামলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আসামি করা হয়৷
এ ধরনের দাবির কারণ জানতে চাইলে আলী আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি বেসরকারি চাকরি করেন৷ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন৷ সরকারবিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের নাম জানা নেতাসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আসামি করা হয়৷ অথচ তিনটি মামলায় সুনির্দিষ্টভাবে তাঁর নাম, ঠিকানা উল্লেখ করা আছে৷ এতে তিনি বুঝতে পারছেন, তথ্য অধিকার আইনে আবেদন করায় পুলিশ সুপার তাঁর পুরো নাম-ঠিকানা জানেন৷ এবং তাঁর নির্দেশেই মামলাগুলো করা হয়৷
তদন্ত কমিটিকে আলী আহমেদ বলেন, নূর হোসেনের ওই সব অপকর্মের বিরুদ্ধে প্রশাসন সেই সময় সতর্ক হলে সাতজনকে প্রাণ দিতে হতো না৷