নূর হোসেনের অবৈধ ট্রাকস্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের গড়ে তোলা অবৈধ ট্রাকস্ট্যান্ডে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ওই অভিযান চালায়।
দুপুরে ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবুল কাশেম শাহীন। গতকাল অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী হাকিম আবুল কাশেম শাহীন বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সওজের জমি দখল করে নূর হোসেন অবৈধভাবে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলেন। সেখানে পাঁচ শতাধিকেরও বেশি ট্রাক রাখা হতো। পাশাপাশি ট্রাকগুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। ট্রাকস্ট্যান্ডটি ঘিরে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। নূর হোসেন পালিয়ে যাওয়ার পর ট্রাকস্ট্যান্ডটি তাঁর প্রতিপক্ষের লোকজন দখলে নেন। গতকাল দুপুরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়ে সেখানকার অর্ধশতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে উত্তর-দক্ষিণের ৭৫ ফুট এবং পূর্ব-পশ্চিমের এক হাজার ফুট জমি দখলমুক্ত হয়েছে। লাল পতাকা দিয়ে ওই জমি ঘেরাও করে দেওয়া হয়েছে।