নূর হোসেনের অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা একটি মামলায় (আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলা) অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ১১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন। এ সময় আদালতে নূর হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জন আসামি উপস্থিতি ছিলেন।
একই আদালতে অপর এক মামলায় র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদসহ ১৩ আসামির (সবাই র্যাবের সাবেক সদস্য) পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।
কারাগার থেকে আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যান থামিয়ে সমর্থকদের সঙ্গে কথা বলেন নূর হোসেন।
এর আগে জেলার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আশোক কুমার দত্তের আদালতে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলার বিচার কাজ শুরুর জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে ২৩ জন আসামিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
সকাল পৌঁনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে ঢাকা থেকে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক মোহাম্মাদ সাঈদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত পাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলামের করা মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় করা মামলাটির অভিযোগ গঠনের জন্য জেলা ও দায়রা জজ আদালত আগামী ১১ জানুয়ারি তারিখ ধার্য করেছেন। এ ছাড়া র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, পুর্নেন্দু বালাসহ ১৩ আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানালে শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, সরকারি কৌঁসুলি হিসাবে যাঁকে নিয়োগ করা হয়েছে, আদালতে যে ধরনের বক্তব্য দিয়েছেন, তাতে মনে হয়েছে তিনি আসামিপক্ষের লোক। তিনি আসামিদের জামিন আবেদনের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অধিকাংশই নূর হোসেনের দ্বারা প্রভাবিত। মামলার এজাহারকারীর সঙ্গে আলোচনা করে সরকারি কৌঁসুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নূর হোসেন একজন রাজনৈতিক ব্যক্তির লোক এবং সরকারি কৌঁসুলিও ওই রাজনৈতিক ব্যক্তির লোক। তার দ্বারা এই মামলার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সংশয় রয়েছে আমাদের।
র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ ১৩ আসামির পক্ষে জামিনের আবেদন করেন ঢাকা থেকে আসা পাঁচ আইনজীবী। তাঁদের একজন মো. ছরোয়ার মিয়া জানান, তারেক সাঈদসহ ১৩ আসামির জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে যাব।
আসামির সঙ্গে সুসম্পর্ক থাকা ও সুষ্ঠু বিচারে সন্দেহ প্রকাশের বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান বলেন, এ বক্তব্য অমূলক। আমরা গত দুই বছর ধরে মামলাটি শক্ত হাতে পরিচালনা করছি। তাদের অভিযোগ সত্য নয়।
নূর হোসেনের মুক্তিতে স্লোগান, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
৭ খুন হত্যা মামলায় প্রধান আসামি নূর হোসেনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে তাঁর সমর্থকেরা আদালতপাড়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ব্যাপক শো-ডাউন করেছেন। নূর হোসেনকে প্রিজন ভ্যানে আদালতে আনা-নেওয়ার পথে লিংকরোড সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নূর হোসেনের সমর্থকেরা রিকশায় মাইক লাগিয়ে এবং হ্যাণ্ড মাইকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘নূর হোসেনের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘নূর হোসেনের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নূর হোসেনের মিথ্যা মামলা তুলে নাও, নিতে হবেসহ’ বিভিন্ন স্লোগান দেন।
নূর হোসেনের ভাই আবদুল ছালামের নেতৃত্বে এসব স্লোগান দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জে শিমরাইলের টেকপাড়া, আটি, সিদ্ধিরগঞ্জ বাজার ও ওয়াপদা কলোনিসহ বিভিন্ন এলাকা থেকে নূর হোসেনে ক্যাডারদের আদালতপাড়া ও লিংকরোডে জড়ো করা হয়।
নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও তার বাবা শহীদুল ইসলাম আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
প্রিজন ভ্যান থামিয়ে সমর্থকদের সঙ্গে নূর হোসেনের কথোপকথন
হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার পথে আদালতের ফটকে প্রিজন ভ্যান থামিয়ে সমর্থকদের সঙ্গে কথা বলেন নূর হোসেন। আসামিদের প্রিজন ভ্যানে কারাগারে ফেরত নেওয়ার পথে আদালত পাড়ায় প্রবেশের ফটকে হঠাৎ করেই নূর হোসেনকে বহনকারী প্রিজন ভ্যানটি থেমে যায়। এ সময় প্রিজন ভ্যানের জানালার ফাঁক দিয়ে নূর হোসেন তাঁর কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া আদালতের কাঠগড়ায় আনা-নেওয়ার পথে নূর হোসেনকে তাঁর সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায়।