
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাক্ষ্য দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ছয়টি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল গতকাল। এর মধ্যে অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই দুটি মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত হোসেন আদালতে সাক্ষ্য দেন। অন্য মামলাগুলোয় সাক্ষ্য গ্রহণের জন্য ৩ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
সাত খুনের ঘটনার পর নূর হোসেন দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও ট্রাকস্ট্যান্ডের পাশে আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।