নূর হোসেনের আস্তানায় অভিযান বালু ও পাথর নিলামে বিক্রি
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ দখলে থাকা কাঁচপুরের শীতলক্ষ্যা নদীর তীরের বালু ও পাথর ব্যবসার আস্তানায় গতকাল বৃহস্পতিবার আবারও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।
অভিযানকালে আটটি স্থানে স্তূপ করে রাখা বালু ও পাথর জব্দ করে নিলামে তিন লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আবুল কাশেম মোহাম্মদ শাহীন। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
দীর্ঘদিন যাবৎ নূর হোসেন, তাঁর ছোট ভাই নুরুজ্জামান জজ মিয়া ও তাঁদের সহযোগীরা শীতলক্ষ্যা নদীর তীরে মাটি ভরাট করে অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসা করে আসছিলেন। এর আগে নদী ভরাট করে অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসা করার অভিযোগে বিআইডব্লিউটিএ সিদ্ধিরগঞ্জ থানায় এবং মেরিন (নৌ) আদালতে নূর হোসেন, নুরুজ্জামান জজ মিয়া ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছিল। ৬ জুলাই কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ভাতিজা মনির হোসেনসহ ১২ জনকে আসামি করে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে অবৈধ বালু ও পাথরের ব্যবসার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন। তিনি বলেন, কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ দখল ঠেকাতে সেখানে ইকোপার্ক করার প্রস্তাব পাঠানো হয়েছে।