নূর হোসেনের গাড়িচালক জুবায়ের কুমিল্লায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ব্যক্তিগত গাড়িচালক জুবায়ের হোসেন ওরফে জবেদকে (৩০) কুমিল্লার চান্দিনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চান্দিনা পৌর এলাকার বেলাশ্বরে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ জানান, জুবায়েরকে তাঁর শ্বশুর আবদুর রাজ্জাকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল জিজ্ঞাসাবাদে ও তাঁর দেওয়া তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, তিনিই নূর হোসেনের গাড়িচালক। এরপর বিষয়টি সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মণ্ডলকে জানানো হয়। গতকালই বেলা দেড়টার দিকে জুবায়েরকে নারায়ণগঞ্জ জেলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি গোলাম মোর্শেদ আরও জানান, জুবায়ের প্রায় আট বছর আগে থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করতেন। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর প্রধান আসামি নূর হোসেন কলকাতায় পালিয়ে গেলে জুবায়ের তাঁর শ্বশুরবাড়িতে আত্মগোপন করেন।
ওসি মামুনুর রশীদ জানান, জুবায়ের সাত খুনের মামলার আসামি নন। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।