নূর হোসেনের গাড়িচালকসহ আট আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের দুটি মামলায় নূর হোসেনের গাড়িচালক মহিবুল্লাহসহ আট আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে তাঁদের আদালতে হাজির করে মহিবুল্লাহর ১০ দিনের এবং তাঁর শ্যালক সম্রাটের সাত দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার নোয়াখালী থেকে এঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ প্রথম আলোকে জানান, মহিবুল্লাহ ও তাঁর শ্যালক সম্রাটকে হাজির করে যথাক্রমে সাত ও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত যথাক্রমে পাঁচ ও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, সাত খুনের ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে গণগ্রেপ্তার করা উচিত নয়। নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হচ্ছে।’ মামলার প্রধান আসামিরা কেন গ্রেপ্তার হচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, ‘এমন একটি মামলার সুরাহা করতে ১২-১৩ দিন যথেষ্ট সময় নয়। আমাদের সময় দিন, বিশ্বাস করুন। সুন্দর ও ভালো কিছু দিতে পারব।’
মানববন্ধন, কর্মসূচি: সাত খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল আদালতপাড়ায় মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতি প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা করে আদালত বর্জন ও দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মিছিল ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।
স্বজনদের বাড়িতে মতিয়া চৌধুরী: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ সকােল কৃষিমন্ত্রী প্রথমে চন্দন সরকারের বাড়িতে যান৷ এরপর তিনি মনিরুজ্জামান স্বপন, জাহাঙ্গীর, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, লিটন এবং সোনারগাঁয়ে ইব্রাহিমের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম মতিয়া চৌধুরীকে বলেন, ‘লাশের সঙ্গে ইট বাঁধা যে ব্যাগ পাওয়া গেছে, সেই ব্যাগে র্যাবের রেশন দেওয়া হয়। যে ইট পাওয়া গেছে, তা ব্যাবের একটি ক্যাম্পের পাশে মজুত আছে।’