নূর হোসেনের দেহরক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পঞ্চম দফায় রিমান্ডে তারেক সাঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মোতুর্জা জামান চার্চিল গতকাল শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলার আরেক আসামি র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র৵াব) সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদকে গতকাল ষষ্ঠ দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
চার্চিলের জবানবন্দি: আদালত সূত্র জানায়, দ্বিতীয় পাঁচ দিনের রিমান্ডের দ্বিতীয় দিন গতকাল চার্চিলকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়৷ এ সময় তিনি কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷ বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়৷
আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ প্রথম আলোকে জানান, জবানবন্দিতে চার্চিল সাত খুনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন৷ তিনি বলেছেন, নূর হোসেনের সঙ্গে তারেক সাঈদসহ র্যাবের কর্মকর্তাদের সখ্য ছিল।
৬ জুন গোয়েন্দা পুলিশের একটি দল ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার ভাটি লক্ষ্মীপুর এলাকা থেকে চার্চিলকে গ্রেপ্তার করে। তিনি নূর হোসেনের দেহরক্ষী হিসেবে পরিচিত৷ পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ৷ আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারেক সাঈদ আবার রিমান্ডে: এদিকে পঞ্চম দফা রিমান্ড শেষে র৵াবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে গতকাল বিকেলে একই আদালতে হাজির করা হয়৷ পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলায় তাঁকে আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়৷ শুনািন শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পাঁচ দফায় তারেক সাঈদকে মোট ৩০ দিন রিমান্ডে নেওয়া হয়৷
তারেক সাঈদের রিমান্ড শুনানিতে আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ জানান, মামলার তদন্তকাজ ৮০ শতাংশ শেষ হয়েছে৷ আরও ২০ ভাগ বাকি হয়েছে। হত্যাকাণ্ডে লেনদেন করা অর্থ উদ্ধার এবং হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা কারা জড়িত—এসব তথ্য বের করার জন্য তারেক সাঈদকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তদন্ত কমিটির পরিদর্শন: এদিকে সাত খুনের ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ ক্যাম্প অফিস পরিদর্শন করেছে। এ সময় কমিটির সদস্যরা র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন৷
হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটির পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক আনোয়ার লতিফ খান৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, খুনের ঘটনায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া লাশের সঙ্গে র্যাবের ব্যবহৃত বস্তা, রশি ও ইটের বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে৷ তদন্ত কমিটি সেই কারণে র্যাব কার্যালয় পরিদর্শনে যায়৷ কমিটি সদস্যরা র্যাবের রেশনের বস্তা ও রশি পরীক্ষা করে দেখেন।
গত ২৭ এপ্রিল সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইয়াছমিন ২৮ এপ্রিল নূর হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ছয়জনের নামে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আর ৭ মে ওই ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের বড় মেয়ের স্বামী বিজয় কুমার পাল অজ্ঞাতনামা আসামিদের নামে একই থানায় অপর একটি মামলা করেন।
গত ১৭ মে র্যাব-১১-এর সাবেক সিও তারেক সাঈদ ও মেজর আরিফকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়৷ পরে তাঁদের সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়।