নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের পক্ষে গতকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তাঁর আইনজীবী। আইনজীবী দাবি করেছেন, ওই ঘটনার সঙ্গে নূর হোসেন কোনোভাবেই জড়িত নন।
সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই মামলার কার্যক্রম শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপনকালে নূর হোসেনের আইনজীবী খোকন সাহা বলেন, নূর হোসেনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনোটিই প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।
২১ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। গতকাল পর্যন্ত র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন এবং মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ৩২ জন আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। র্যাবের আরেক কর্মকর্তা এম এম রানার আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত রয়েছে। আদালত আজ বুধবার পরবর্তী দিন ধার্য করেছেন। এ মামলায় আসামি ৩৫ জন।
গতকাল নূর হোসেনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আইনজীবী খোকন সাহা বলেন, কাউন্সিলর নজরুল ইসলামের সঙ্গে নূর হোসেনের দীর্ঘদিনের বিরোধের যে কথা বলা হচ্ছে, রাষ্ট্রপক্ষ সেটি প্রমাণ করতে পারেনি। তা ছাড়া নূর হোসেন ঘটনাস্থল বা যে স্থানে হত্যা করা হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন, সে মর্মে কোনো সাক্ষী সাক্ষ্য দেননি। ঘটনাটি নূর হোসেনের পরিকল্পনা ও অর্থায়নে হয়েছিল বলে আদালতে নিজেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন ঘটনার সঙ্গে জড়িত র্যাবের কর্মকর্তারা। মামলার অভিযোগপত্রেও তাই বলা হয়েছে। আইনজীবী দাবি করেন, নূর হোসেন এ ঘটনার সঙ্গে জড়িত নন।
খোকন সাহা বলেন, মরতুজা জামান চার্চিলকে নূর হোসেনের গানম্যান হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রপক্ষ। কিন্তু আদালতে জিজ্ঞাসাবাদের সময় চার্চিল বলেছেন যে তিনি নূর হোসেনকে চেনেন না এবং তাঁর অধীনে চাকরি করেননি।
খোকন সাহা যখন এই কথা বলছিলেন তখন কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন নূর হোসেন ও চার্চিল।
খোকন সাহার যুক্তিতর্ক উপস্থাপনের পর আইনি দিকগুলো নিয়ে কথা বলেন নূর হোসেনের আরেক আইনজীবী এস আর এম লুতফর রাহমান আকন্দ। বেলা ১টা ১৮ মিনিটে নূর হোসেনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর এম এম রানার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তাঁর আইনজীবী মো. ফরহাদ আব্বাস। তাঁর যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় বেলা ২টা ১০ মিনিটে আদালত পরবর্তী শুনানির জন্য আজ দিন ধার্য করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়।