নূর হোসেনের পদে কাউন্সিলর নির্বাচন ২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শূন্য পদে আগামী ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর। বন্যপ্রাণী আইনে করা এক মামলায় দণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে গত মে মাসে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর থেকে এ পদটি শূন্য আছে।

মো. তারিফুজ্জামান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ সকালে এ তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ জুলাই, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৩ জুলাই।

সাত ৭ খুনের ঘটনার পর ২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। এই ঘটনায় ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাদী হয়ে নূর হোসেনকে আসামি করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একটি মামলায় নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম।
দণ্ড পাওয়ার সাত মাস পর গত ১০ মে স্থানীয় সরকার বিভাগ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করে। সেই সঙ্গে শূন্য পদে নির্বাচন আয়োজনে অনুরোধ করে ইসিকে।

নূর হোসেন বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছে। ৭ জনকে অপহরণের পর খুনের ঘটনায় গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল।