নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্কুলছাত্র কাজী টিপু সুলতান হত্যা মামলা তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্তের আদালত গতকাল বুধবার দুপুরে এ আদেশ দেন। অভিযোগ রয়েছে, নূর হোসেনের নেতৃত্বে টিপুকে শ্বাসরোধে হত্যা করা হয়।
স্কুলছাত্র টিপুর বাবা কাজী আক্তার হোসেনের অভিযোগ, আজিবপুরের কাজীবাড়ী এলাকায় তাঁর পৈতৃক সম্পত্তি দখল করতে না পেরে এবং পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে তাঁর ছেলে টিপুকে ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে নূর হোসেনের নেতৃত্বে পরিকল্পিতভাবে স্থানীয় একটি খেলার মাঠে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। তখন টিপুর বয়স ছিল ১২ বছর ৩ মাস। সে স্থানীয় মহিউদ্দিন আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান গণমাধ্যমকর্মীদের বলেন, নিহত স্কুলছাত্রের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে নূর হোসেনের প্রভাবের কারণে পুলিশ অভিযোগ নেয়নি। কিন্তু চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে কাজী আক্তার হোসেন বাদী হয়ে ২০১৪ সালের ২০ মে বিচারিক হাকিম আদালতে নূর হোসেন ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। আদালত অভিযোগ তদন্তের দায়িত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশকে। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ বাদীর সঙ্গে কোনো যোগাযোগ না করেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদী আদালতে নারাজি আবেদন করেন। গতকাল ছিল মামলার নিয়মিত শুনানির দিন। আদালত মামলাটি তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দেন।