নূর হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র জমা না দিয়ে হস্তান্তরের অভিযোগে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজিত মিত্র বাদী হয়ে এ মামলা করেন।
এদিকে সাত খুনের ঘটনায় সাক্ষী হিসেবে র‌্যাব-১১-এর আরও দুই সদস্য ল্যান্স নায়েক মো. আবদুর রাজ্জাক ও সিপাহি মো. আজম গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম তাঁদের জবানবন্দি রেকর্ড করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, সাত খুনের পর নূর হোসেনকে দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে তা জমা দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। কিন্তু নূর হোসেন সেই অস্ত্র জমা না দিয়ে শ্যালক নূরে আলমকে দিয়ে দেন। লাইসেন্স বাতিল করা অস্ত্র জমা না দিয়ে কাউকে দেওয়া বেআইনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ এপ্রিল সাতজনকে হত্যার পর তাঁদের লাশ নদীতে ফেলার দায়িত্বে র‌্যাব-১১-এর যে সদস্যরা ছিলেন, তাঁদের দুজন আবদুর রাজ্জাক ও আজম। এর আগে র্যাবের লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।