নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো রেড ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল। সেখানে তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ, অন্যায়ভাবে গুম ও অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
এদিকে নূর হোসেনকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গতকাল মঙ্গলবার যশোর থেকে মশিউর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নূর হোসেনের মালিকানাধীন বাস থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে৷
এই হত্যা মামলার তদন্তে অগ্রগতি আছে দাবি করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, এটি বড় মামলা, তদন্ত শেষ করতে আরও সময় লাগবে৷
পুলিশ জানায়, গতকাল বিকেলে যশোরের বেনাপোল থেকে মশিউরকে গ্রেপ্তার করা হয়৷ তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে৷ তিনি ফেনসিডিল চোরাচালানের একটি চক্রের সহযোগী বলে জানা গেছে৷ ১৫ মে শার্শা থেকে গ্রেপ্তার হওয়া কামাল হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে নূর হোসেন কীভাবে ভারতে পালিয়ে গেছেন সেই বর্ণনা দেন৷ জিজ্ঞাসাবাদে কামালের দেওয়া তথ্য অনুযায়ী মশিউরকে গ্রেপ্তার করা হয়৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, মশিউরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নূর হোসেনের বাস থেকে অস্ত্র উদ্ধার: এদিকে নূর হোসেনের মালিকানাধীন এবিএস পরিবহনের একটি বাসের টুলবক্স থেকে পরিত্যক্ত অবস্থায় গত সোমবার মধ্যরাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার বালুর মাঠে থেমে থাকা ওই বাস থেকে তিনটি পিস্তল, একটি রিভলবার, একটি ম্যাগাজিন, পাঁচটি কার্তুজ, দুটি গুলি, দুটি তলোয়ার, একটি চাপাতি এবং দুটি রামদা উদ্ধার করা হয়৷
পুলিশ সুপারের সংবাদ সম্মেলন: গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিদ উদ্দিন বলেন, সাত খুনের সঙ্গে সম্পৃক্ত অনেক কাজ শেষ হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে হত্যা মামলায় এবং ১৪ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, হত্যা মামলায় যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। ওই ১৩ জনের মধ্যে ১০ জন জেলহাজতে এবং বাকি তিনজন পুলিশি রিমােন্ড আছেন৷
পুলিশ সুপার দাবি করেন, পুলিশ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে৷ অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, মামলার এফআইআরে অনেক কিছু থাকে। সেগুলো যাচাই-বাছাই করে তদন্তে যাঁদের নাম আসবে তাঁদের গ্রেপ্তার করা হবে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে৷
খন্দকার মহিদ উদ্দিন বলেন, গত ১৫ দিনে নারায়ণগঞ্জের পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে। যা বিগত দিনে এত অল্প সময়ে করা সম্ভব হয়নি। তিনি নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন৷
রেড ওয়ারেন্ট জারি : ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারপোল মঙ্গলবার তাদের ওয়েব পেজে বাংলাদেশের অন্যান্য রেড ওয়ান্টেড ব্যক্তির সঙ্গে নূর হোসেনের ছবি ও নাম প্রকাশ করে। ওয়ারেন্ট পাতায় নূর হোসেনের জন্মতারিখ দেওয়া হয়েছে ১৯৬০ সালের ১০ জানুয়ারি। জন্মস্থান নারায়ণগঞ্জ। উচ্চতা ১ দশমিক ৬১ মিটার। ওজন ৬২ কেজি। চুলের রং রঙিন।
নারায়ণগঞ্জের ঘটনার প্রায় এক মাস পর ইন্টারপোলে রেড ওয়ারেন্ট জারি করা হলো। সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে প্রায় এক মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি তিনি কোথায় আছেন, তাও নিশ্চিত নন তদন্তকারীরা৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় ২২ মে নূর হোসেনকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠালেও গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে জন্য নথি চালাচালি শুরু করে।
সূত্র জানায়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে নূর হোসেন ভারতে পালিয়ে যান। ২০০৭ সালের ১২ এপ্রিল ইন্টারপোল নূর হোসেনের বিরুদ্ধে প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করেছিল৷
তখন ইন্টারপোল নূর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, বিস্ফোরক ও প্রাণনাশের হুমকিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করেছিল৷