
গণমাধ্যমকর্মীদের প্রস্তুতি, হইচই। ভিড় সামাল দিতে আসা পুলিশ সদস্যদের তৎপরতা। ফাঁসির দাবিতে নিহত ব্যক্তিদের স্বজনদের মিছিল, চিত্কার। এর মধ্য দিয়েই গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে নিয়ে আসে পুলিশ। এই মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে আরও ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত খুব দ্রুত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত প্রাঙ্গণে হত্যার শিকার ব্যক্তিদের স্বজনেরা রিমান্ডে না নিয়ে নূর হোসেনকে কারাগারে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, এখনো সাত খুনের ঘটনার পরিকল্পনাকারী ও অর্থদাতা চিহ্নিত হয়নি। পুলিশ বলছে, তদন্ত শেষে অভিযোগপত্র দিয়ে দেওয়ায় এই মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই।
একসময়ের ট্রাকের হেলপার থেকে জেলার অন্যতম প্রভাবশালী বনে যাওয়া নূর হোসেনকে নিয়ে ব্যাপক কৌতূহল জেলার মানুষের। গত বৃহস্পতিবার রাতে ভারত থেকে ফেরত আনার খবরে সাড়া পড়ে যায়। রাত সাড়ে ১১টার পর বেনাপোলে নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাবের একটি দল নূর হোসেনকে নিয়ে সরাসরি ঢাকায় আসে। তাঁকে রাখা হয় রাজধানীর উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ে। গতকাল সকালে সেখান থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়।
র্যাব জানায়, সকালে র্যাব-১-এর কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার পরে নূর হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আগে থেকেই তাঁর হৃদ্রোগ ছিল, তাঁর ধমনিতে রিং পরানো রয়েছে, আছে ডায়াবেটিস। এ ছাড়া তাঁর কোনো সমস্যা নেই। তিনি পুরোপুরি সুস্থ।
সকাল সোয়া আটটার দিকে একটি সাদা রঙের কালো কাচে ঢাকা মাইক্রোবাসে করে নূর হোসেনকে নারায়ণগঞ্জের পুলিশ লাইনে নিয়ে আসা হয়। বেলা আড়াইটায় নেওয়া হয় আদালতে। বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরা নূর হোসেনকে সরাসরি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলামের আদালতে ঢোকানো হয়। আঁচড়ানো চুল আর ‘ক্লিন শেভ’ নূর হোসেন নিজেকে আড়াল করার চেষ্টা করেননি।

আদালতের সিঁড়িতে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ও ভাই আবদুল সালাম এবং নিহত লিটনের বাবা হায়দার আলীসহ ১৫-২০ জন ‘নূর হোসেনের ফাঁসি চাই’, ‘পাঁচ আসামি বাদ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আদালতের কাঠগড়ায় ওঠার পরে নূর হোসেন মাথার হেলমেট খোলেন। মোট নয় মিনিট আদালতের কার্যক্রম চলে। এ সময় নূর হোসেনকে চিন্তিত দেখাচ্ছিল না।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, নূর হোসেন সাত খুন মামলার অন্যতম আসামি। এ ছাড়া ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাই তাঁকে সব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়েছে। এ সময় একটি মামলার বাদী সেলিনা ইসলামের পক্ষে তাঁর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, নূর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া নতুন কোনো মামলা রয়েছে কি না, যে মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া যেতে পারে। পরে আদালত জানান, নতুন কোনো মামলা নয়, ১১টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে কড়া নিরাপত্তার মধ্যে নূর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। এর আধা ঘণ্টা পর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, নূর হোসেন এই মামলা প্রধান আসামি। অথচ মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ না করেই অভিযোগপত্র দিয়েছেন। সেই অভিযোগপত্রটি অসম্পূর্ণ দাবি করে সেলিনা বলেন, ‘এই হত্যাকাণ্ডে র্যাবকে ব্যবহার করা হয়েছে। আর কারা কারা এর সঙ্গে জড়িত, কারা পরিকল্পনাকারী, কারা অর্থের জোগানদাতা—এসব এখনো জানা যায়নি। তাই আমরা চাই, নূর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হোক।’
সাত খুনের ঘটনায় একটি মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন মনে করেন, নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার সুযোগ ছিল। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাইলে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারেন। বাংলাদেশে এ রকম অনেক নজির রয়েছে। তিনি বলেন, অভিযোগপত্র থেকে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ার পরে বাদীপক্ষের ‘নারাজি’ রিভিশন মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
সেলিনার বাবা (নজরুলের শ্বশুর) শহীদুল ইসলাম অভিযোগ করেন, ‘নূর হোসেনের সহযোগীদের অত্যাচারে আমরা ঘর থেকে বের হতে পারছি না। এদের মধ্যে কয়েকজনকে সাত খুনের মামলার অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে পুলিশ।’ সাত খুনের ঘটনার সঙ্গে জেলার প্রভাবশালী একটি পরিবারের এক ব্যক্তির সম্পৃক্ত থাকার ইঙ্গিত দিয়ে শহীদুল বলেন, ‘নূর হোসেনকে কে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। কার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। এগুলো তদন্ত করলে এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত তা বেরিয়ে আসবে।
আরও পড়ুন: