রাজধানীতে গত শুক্রবার রেলক্রসিংয়ে দুর্ঘটনার শিকার গাড়ি থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় ছাত্রলীগের নেতা নূরে আলমসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে ঢাকা রেলওয়ে থানায় (জিআরপি) অপারেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
নূরে আলম খান নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শ্যালক। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মামলার বাদী ও ঢাকা জিআরপি থানার অপারেশন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা নূরে আলম ও এম এ রহমান ওরফে আনসার আলীকে অবৈধ অস্ত্র রাখার মামলায় আসামি করা হয়েছে। এঁদের মধ্যে শুক্রবার মালিবাগ রেলক্রসিংয়ে দুর্ঘটনায় আহত এম এ রহমান বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে আহত অবস্থায় গ্রেপ্তার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এম এ রহমান একটি শিপিং প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। পলাতক আসামি নূরে আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের নামে থাকা দুটি পিস্তলের লাইসেন্স বাজেয়াপ্ত করা হলেও তা তিনি সিদ্ধিরগঞ্জ থানায় জমা দেননি। এর একটি পিস্তল ব্যবহার করছিলেন ছাত্রলীগের নেতা নূরে আলম।
গত শুক্রবার বিকেলে মালিবাগ রেলক্রসিংয়ে একটি প্রাইভেট কার রেললাইনে উঠে বিকল হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। পরে জিআরপি থানার পুলিশ গাড়ি থেকে ২০টি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
দুই গেটম্যান বরখাস্ত: দুর্ঘটনার পর গত শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান আকবর হোসেন ও মমিন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ঢাকার প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজিমুল ইসলামকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুল আহসান প্রথম আলোকে বলেন, কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।