নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত। আগামী ২৪ আগস্টের মধ্যে তাঁকে আদালতেও হাজির করতে বলা হয়েছে। বর্তমানে জামিনে থাকা সুমন পর পর দুটি তারিখে আদালতে হাজির না হওয়ায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রবীর কুমার মিশ্র আজ বুধবার এ পরোয়ানা জারি করেন।
গত বছরের ১৪ জুন রাতে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার হন নূর হোসেন। বাগুইহাটি থানার সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
নারায়ণগঞ্জে সাত খুনের পর নূর হোসেন বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার পর গত বছরের ৮ জুন ইন্দ্রপ্রস্থ আবাসনে ওঠেন তিনি। ওই আবাসনের পাঁচতলার একটি ফ্ল্যাট মাসিক ২০ হাজার টাকায় দুই মাসের জন্য ভাড়া নিয়েছিলেন নূর হোসেন।
একই বছরের ১৮ আগস্ট বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার জন্য তিন আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরপর অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য যত তারিখ পড়েছে সেগুলোতে কোনো না কোনো আসামি অনুপস্থিত ছিলেন বা বিচারক অনুপস্থিত ছিলেন। ফলে এত দিনেও শুনানি শুরু হতে পারেনি।
আজও পূর্ব নির্ধারিত শুনানির দিনে কলকাতার দমদমের কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে বারাসাতের আদালতে হাজির করা হয়। কিন্তু জামিনে থাকা ওহিদুর জামান হাজির হলেও আদালতে অনুপস্থিত ছিলেন খান সুমন।
গ্রেপ্তার হওয়ার ১৩ মাসেও নূর হোসেনের তাঁর পক্ষে কোনো জামিনের আবেদন জানানো হয়নি। তবে তাঁর দুই সঙ্গী বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালত থেকে জামিন না পেলেও, জেলা দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান।