নূর হোসেনের সম্পদ যাচাইয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সম্পদ বিবরণী যাচাইয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপপরিচালক জুলফিকার আলী ও সহকারী পরিচালক শফিউল্লাহকে গতকাল রোববার এ দায়িত্ব দিয়েছে কমিশন।
দুদকের এই কর্মকর্তারা নূর হোসেনের জমা দেওয়া হিসাব যাচাই করে দেখবেন। সম্পদের কোনো তথ্য গোপন করলে অথবা বিবরণীতে দেওয়া তথ্যের বাইরে কোনো সম্পদ পেলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। দুদক সূত্র এসব তথ্য জানিয়েছে।
১৩ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামালের কাছে সম্পদের হিসাব জমা দেন নূর হোসেন। দুদকের সূত্র বলেছে, ওই সম্পদ বিবরণীতে নূর হোসেন ১ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন।
২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যান। দুদক ২৯ মে তাঁর সম্পদের অনুসন্ধানে নামলেও পরে এই কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। গত ১২ নভেম্বর ভারত থেকে তাঁকে দেশে ফিরিয়ে আনার পর দুদকের অনুসন্ধানেও গতি আসে।