নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আলী মোহাম্মদকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার দুপুরে আলী মোহাম্মদকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আউলিয়া বাজার এলাকা থেকে আলী মোহাম্মদকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জবানবন্দিতে তাঁর নাম উঠে আসে।
আলী মোহাম্মদ নূর হোসেনের অবৈধ অর্থের হিসাব রাখতেন। এ ছাড়া নূর হোসেনের মাদক ব্যবসা, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতের চাঁদাবাজি, খুন, অপহরণসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন তিনি। আলী মোহাম্মদ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার আকবর আলীর ছেলে।