নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী রহম আলীকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত রহম আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর থেকে পুলিশ রহম আলীকে গ্রেপ্তার করে। সাত খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
২০১৪ সালের গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিংক রোডের ফতুল্লা রামারবাগ এলাকা থেকে কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র্যাবের কয়েকজন সদস্য। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার এবং বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৯ জন।