নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ভারতে পালিয়ে থাকা সন্দেহভাজন অপরাধীদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। অন্যদিকে, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে ফিরিয়ে দিতে তৈরি আছে বাংলাদেশ।
গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের পঞ্চদশ বৈঠকে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে মোজাম্মেল হক খান বাংলাদেশের এবং ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী সে দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা এবং এর ব্যবস্থাপনা, অস্ত্র ও মাদক পাচার রোধ, বিজিবি ও পুলিশের সদস্যদের ভারতের প্রশিক্ষণের প্রস্তাবসহ আরও কিছু বিষয়ে আলোচনা হয়।
নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হক খান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা জানিয়েছে ভারত। শুধু নূর হোসেন নন, ভারতে পালিয়ে থাকা অন্য সন্দেহভাজন অপরাধী এবং বিভিন্ন মামলার আসামিদেরও বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ভারত।
অনুপ চেটিয়াকে ফেরত দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা বৈঠকে ভারতকে অবহিত করেন মোজাম্মেল হক খান। এর আগে অনুপ চেটিয়া বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এখন তিনি ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতও তঁাকে ফিরিয়ে নিতে রাজি আছে।
অনুপ চেটিয়া ও নূর হোসেন—এঁদের একজনকে অন্যজনের বিনিময়ে হস্তান্তর করা হবে কি না জানতে চাইলে মোজাম্মেল হক খান বলেন, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। চুক্তিতেও এ ধরনের কোনো সুযোগ নেই।
প্রসঙ্গত, অনুপ চেটিয়ার কারাভোগ শেষ হয়ে গেছে, আর নূর হোসেনের বিষয়টি এখনো সে দেশে বিচারাধীন। অনুপ চেটিয়া দেশে ফিরতে চান। নূর হোসেনের দিক থেকে তেমন কোনো আগ্রহের কথা জানা যায়নি।
স্বরাষ্ট্রসচিব জানান, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে কেউ যদি ভারতে থেকে থাকে, তাদের ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি মাজেদ ও রিসালদার মুসলেউদ্দিনকে ফেরতের ব্যাপারে সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, খুনিরা কোথায় আছে, সে বিষয়ে ভারত এখনো নিশ্চিত হতে পারেনি বলে তাঁদের জানিয়েছে। তারা এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত চেয়েছে। এটি সরবরাহ করা গেলে এই খুনিদের আটক করে ফেরত পাঠানোর সদিচ্ছা ব্যক্ত করেছে ভারত।
সীমান্তে এখন যেসব হত্যাকাণ্ড ঘটছে, সেগুলোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব বলেন, স্পর্শকাতর বিষয়টি গতকালের বৈঠকেও তোলা হয়েছিল। যেকোনোভাবে এটি শূন্যের কোঠায় নামিয়ে আনার অনুরোধ করা হয়েছে। ভারতের কর্মকর্তারা ‘আত্মরক্ষার্থে’ গুলি ছোড়ার দাবি করেছেন। পাশাপাশি তা বন্ধে তাঁদের সদিচ্ছাও ব্যক্ত করেছেন।
স্বরাষ্ট্রসচিব দাবি করেন, নিরাপত্তাসংশ্লিষ্ট যেসব বিষয় আলোচনায় উঠেছে, সেখানে কোনো কিছুতেই দ্বিমত হয়নি। তবে দু-একটি বিষয়ে ‘তথ্যগত বিভ্রান্তি’ থাকতে পারে মনে করে তা যাচাই-বাছাই করার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। এ বিষয়গুলো কী কী—জানতে চাইলে সচিব বিস্তারিত বলতে অপারগতা জানান।
বৈঠক শেষে অনিল গোস্বামী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতের স্বরাষ্ট্রসচিব রাজশাহীর সারদায় পুলিশ একাডেমি পরিদর্শনে যাবেন। বিকেলে তাঁর ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।