নূর হোসেন চোখ রাঙালেন সাক্ষীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় দুই মামলায় একজন ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশসহ সাতজন আজ সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রদানকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন তিন সাক্ষীকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাদীপক্ষের আইনজীবী।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ হয়। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যের তারিখ ২৮ মার্চ নির্ধারণ করেন। এর আগে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী সাক্ষী ও বাদীকে জেরা করতে সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ গ্রেপ্তার ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। সোয়া ১০টার দিকে কার্যক্রম শুরু হলে প্রথম সাক্ষ্য দেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন। পরে নিহত আইনজীবী চন্দন সরকারের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, লাশ বহনকারী কনস্টেবল রমজান আলী, নিহত ইব্রাহিমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী এসআই মিজানুর রহমান এবং সিদ্ধিরগঞ্জ এলাকার আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও ফখরুল ইসলাম সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে ২৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, সাক্ষীদের সাক্ষ্যদানের সময় নূর হোসেনের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বারবার ‘সাক্ষীদের আসামিরা দেখতে পাচ্ছেন না’ বলে আদালত কক্ষের সামনে থেকে আইনজীবীদের সরিয়ে দিচ্ছিলেন। এ সময় কাঠগড়া থেকে নূর হোসেন তিনজন সাক্ষীর দিকে চোখ রাঙান, যাতে তাঁরা সাক্ষ্য না দেন। র‍্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনও চোখ রাঙিয়ে ভয় দেখান বলে অভিযোগ করেন তিনি।
সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিবাদ করার পরও পিপি সাহেব কোনো ব্যবস্থা নেননি। আসলে পিপি চাচ্ছেন না আসামিদের বিচার হোক, শাস্তি হোক।’ পিপির বিরুদ্ধে আসামিদের পক্ষ নেওয়ার অভিযোগ করে তাঁকে পরিবর্তনের দাবি জানান তিনি।
অভিযোগ প্রসঙ্গে পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, ‘কোনো অবহেলা ও অসহযোগিতা করা হয়নি। সৎ ও নিষ্ঠা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করছি।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন।