নূর হোসেনকে আদালতে তোলা হচ্ছে কাল
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামীকাল শনিবার ভারতের আদালতে তোলা হবে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তাঁর বিচার চলছে। নূর হোসেন জামিনের আবেদন করবেন কি না, তা নিশ্চিত নয়।
গত ২১ জুলাই আদালতে ঢোকার মুখে নূর হোসেন বলেছিলেন, তাঁর আত্মীয়স্বজন কলকাতায় এসে তাঁর পক্ষে জামিনের আবেদন করবেন। যদিও গত ১৪ জুন গ্রেপ্তার হওয়ার পর নূর হোসেন এখনো আদালতে জামিনের আবেদন জানাননি।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।
নূর হোসেন এবং তাঁর দুই সঙ্গী এখন কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে আছেন। নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করেও জামিন পাননি।