নূর হোসেনকে আদালতে তোলা হবে সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামী সোমবার ভারতের উত্তর ২৪ পরগনার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে। তিনি এখন দমদম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিকাশ রঞ্জন দে আজ শনিবার প্রথম আলোকে জানান, নূর হোসেনের পক্ষে জামিন নেওয়ার জন্য এখনো কেউ আদালতে যাননি। তিনি জানান, সোমবার পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারে।

নূর হোসেনকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে? এই প্রশ্নের জবাবে বিকাশ রঞ্জন দে জানান, বিষয়টি আদালতের বিচারাধীন। আদালত নূর হোসেনের অনুপ্রবেশের বিচার করবে। তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি এখন দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। তবে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তাঁকে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছে। আবেদনটি ২৩ জুন আদালতের নথিভুক্ত হয়েছে।

১৪ জুন রাতে নূর হোসেনকে কলকাতা বিমানবন্দরের কাছের বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার করা হয়। বাগুইহাটি থানার সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের গড়া অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পুলিশ তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ১১টি সিম উদ্ধার করে।


নূর হোসেনসহ তিনজনকে ২৩ জুন আট দিনের রিমান্ড শেষে বারাসাতের আদালতে তোলা হয়। এই তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম। তবে ওই দিন নূর হোসেনের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি।