নূর হোসেনকে আদালতে নেওয়া হচ্ছে

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর এক সঙ্গীকে ১৩ দিনের জেল হেফাজত শেষে আজ শুক্রবার আবার আদালতে নেওয়া হচ্ছে।
দুপুরে নূর হোসেনকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হবে।
১৬ আগস্ট নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে আদালতে হাজির করার কথা থাকলেও হাজির করা হয়নি। আদালতে নিযুক্ত পুলিশ কর্মকর্তারা হাজির না করানোর কারণ জানাতে পারেননি। আদালত ১৩ দিনের জেল হেফাজত দিয়ে আজ মামলার তারিখ নির্ধারণ করেন।
নূর হোসেনের গ্রেপ্তার হওয়া দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে দুজনই পৃথক তারিখে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। ১৮ আগস্ট জেলা ও দায়রা জজ খান সুমনের জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে তিনি এখনো কারাগার থেকে বের হতে পারেননি। আর ওহিদুর জামানের জামিন আবেদনের শুনানির জন্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
গ্রেপ্তারের আড়াই মাস কেটে গেলেও নূর হোসেন এখনো জামিনের আবেদন জানাননি। একটি সূত্র বলেছে, নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ জারি থাকার কারণে তাঁর স্বজনেরা হয়তো জামিনের আবেদন করছেন না।
২ আগস্ট প্রিজন ভ্যান থেকে বারাসাত আদালতে নামার সময় নূর হোসেন সাংবাদিকদের বলেছিলেন, তাঁর স্বজনেরা কলকাতায় এসেছেন। তাঁদের সঙ্গে আলাপ করেই তিনি জামিনের আবেদন করবেন।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নুর হোসেন ও তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম গ্রেপ্তার হন। বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী তাঁদের গ্রেপ্তার করে।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাতজনের মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার।