নূর হোসেনকে কাল আদালতে তোলা হবে

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আট দিনের রিমান্ড শেষে আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে নেওয়া হবে।
আজ রোববার বিকেলে বাগুইহাটি থানার আইসি দেবব্রত ঝা প্রথম আলোকে জানান, রিমান্ড শেষে কাল নূর হোসেনকে বারাসাত আদালতে তোলা হবে। নূর হোসেন জামিনের আবেদন করবেন কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। আবার পুলিশ রিমান্ড চাওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘মামলার তদন্ত করছে এটিএস। এটিএস তদন্তের স্বার্থে রিমান্ড চাইতেই পারে। আর তদন্ত শেষ হলে তো আর রিমান্ডের প্রশ্ন থাকে না। আদালতেই এসব প্রশ্নের উত্তর মিলবে।’
১৪ জুন রাতে নূর হোসেনকে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার করা হয়। বাকি দুজন হলেন ওহিদুর জামান ও খান সুমন। এ ব্যাপারে বিধাননগর পুলিশ কমিশনারেটের গড়া অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যদের সহযোগিতা করে বাগুহাটি থানা। পুলিশ এই তিনজনের কাছ থেকে মোট পাঁচটি মোবাইল ফোন এবং ১১টি সিম উদ্ধার করে।
১৫ জুন নূর হোসেনসহ তিনজনকে বারাসাতের আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।