নূর হোসেনকে না আনায় নিহতদের পরিবারে হতাশা

নারায়ণগঞ্জে সাত খুনে জড়িতদের বিচার নিয়ে হতাশা ব্যক্ত করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। তাঁরা মনে করেন, প্রধান আসামি ভারতে আটক নূর হোসেনকে ফেরত না আনা পর্যন্ত ন্যায়বিচার পাওয়া যাবে না। তিনি এখনো কাউন্সিলর। আলোচিত এই হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে আজ।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানে বলেছেন, ‘আইনি জটিলতার জন্য নূর হোসেনকে ফেরত আনতে দেরি হচ্ছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, দ্রুততম সময়ে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘সরকার চায়নি বলেই নূর হোসেনকে দেশে আনা যায়নি। তিনি দেশে এলে এই হত্যার পেছনে আরও যারা জড়িত, তাদের নাম বেরিয়ে আসবে।’
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের প্রশ্ন, নূর হোসেনকে অভিযুক্ত করা হলেও তাঁর করা মামলার বাকি পাঁচ আসামিকে কিসের ভিত্তিতে খালাস দেওয়া হলো? একই প্রশ্ন নিহত মনিরুজ্জামান খান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান খানের। মামলার নথিভুক্ত ছয় আসামির মধ্যে পাঁচজনই হত্যাকাণ্ডের পরদিন বিদেশে পালিয়ে যান।
নিহত ব্যক্তিদের পরিবারের দাবির প্রতি সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নূর হোসেনকে ফেরত এনে জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগপত্র দেওয়া উচিত।
স্থানীয় সূত্রগুলো বলছে, নূর হোসেন ভারতে থাকলেও তাঁর বেশির ভাগ সহযোগী নারায়ণগঞ্জে অবস্থান
করছেন। যদিও হত্যাকাণ্ডের পর তাঁরা পালিয়ে গিয়েছিলেন। সিদ্ধিরগঞ্জে নূর হোসেনের বৈধ-অবৈধ ব্যবসাগুলোর মধ্যে বহুল বিতর্কিত যাত্রাপালা ছাড়া অন্যগুলো এখনো চালু হয়েছে।
সাত খুনের ১১ মাস পর র্যাবের সাবেক তিন কর্মকর্তা, নূর হোসেনসহ ৩৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি জানিয়ে পুনঃতদন্তের দাবি করেছেন সেলিনা ইসলামসহ নিহত ব্যক্তিদের পরিবারগুলো। গত এক বছরেও হত্যার পরিকল্পনা, অর্থায়নকারী নূর হোসেন ও র্যাবের অভিযুক্ত আট সদস্যসহ ১৩ জন গ্রেপ্তার হয়নি।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে শরীরে ইট বাঁধা অবস্থায় তাঁদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী ওরফে হাসু, আমিনুল ইসলাম ওরফে রাজু, আনোয়ার হোসেন ওরফে আশিক ও ইকবাল হোসেনকে অভিযুক্ত করে মামলা করেন। আর নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন।
ঘটনার পরপরই সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী ও নারায়ণগঞ্জ বারের আইনজীবীরা হত্যাকাণ্ডের জন্যকে নূর হোসেন ও র্যাব-১১-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযুক্ত করে আন্দোলনে নামেন। এলাকাবাসী কয়েক দফা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। আইনজীবীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ও আদালত বর্জন করেন।
এরপর র্যাবের তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতি) মোহাম্মদ তারেক সাঈদ, মেজর (অব্যাহতি) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতি) এম এম রানাকে নিজস্ব বাহিনীতে ফেরত নিয়ে চাকরিচ্যুত করা হয়। পরে তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে র্যাব-১১-এর অন্য সদস্যদের সম্পৃক্ততার তথ্য উঠে এলে তাঁদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়। র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জন এখন কারাগারে আছেন।
নূর হোসেন এখনো কাউন্সিলর: সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এখনো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদে আছেন। অথচ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে একটি হত্যা মামলার আসামি করার কয়েক দিনের মধ্যে বরখাস্ত করা হয়েছিল।
পর পর চারটি মাসিক সভায় অনুপস্থিত থাকায় নূর হোসেনের বিষয়ে নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে গত অক্টোবরে চিঠি পাঠায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনের ১৩-এর (ক) ও (খ) ধারায় বলা হয়েছে, যুক্তিসংগত কারণ ছাড়া সিটি করপোরেশনে পর পর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য হবেন। নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হলেও তিনি অপসারণযোগ্য হবেন।
কিন্তু স্থানীয় সরকার বিভাগ গত ডিসেম্বর মাসে সাত খুনের মামলার পূর্ণাঙ্গ তথ্য এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়ে সিটি করপোরেশনকে চিঠি দেয়। জবাবে সিটি করপোরেশন গত ২৪ ডিসেম্বর আরেক চিঠিতে চলমান ফৌজদারি মামলার পূর্ণাঙ্গ তথ্য জেলা পুলিশ প্রশাসন থেকে সংগ্রহের অনুরোধ জানায়।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, আইন অনুযায়ী, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা একমাত্র মন্ত্রণালয়ের। কিন্তু তা না হওয়ায় মনে হচ্ছে, সাত খুনের নেপথ্য নায়ক ও নূর হোসেনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তাকারীরা তাঁর কাউন্সিলর পদ রক্ষার জন্য মন্ত্রণালয়ে কলকাঠি নাড়ছেন।