নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শিগগিরই: এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে এ কথা বলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার।
খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘কলকাতা পুলিশের সংশ্লিষ্ট শাখার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন। তাঁকে দেশে আনার আইনগত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।’
কলকাতার পুলিশ সূত্র জানায়, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর-সংলগ্ন বাগুইআটি থানা এলাকার কৈখালির ইন্দ্রপ্রস্থ আবাসনের চারতলা থেকে গতকাল শনিবার রাত নয়টার দিকে নূর হোসেন ও তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে কিছু টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে ভারতে আসার কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট পাওয়া যায়নি। অনুপ্রবেশ, অস্ত্র আইন ও জুয়ার আসর বসানোর অভিযোগে নূর হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাগুইআটি থানার পুলিশ। নূর হোসেনকে আজ আদালতে তোলা হবে। তাঁকে ট্রানজিট রিমান্ডে বাংলাদেশে পাঠানো হতে পারে।
পুলিশের বরাতে কলকাতার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, আগে থেকেই পুলিশের নজরে ছিলেন নূর হোসেন। গতকাল রাতে পুলিশ জানতে পারে, কৈখালির একটি আবাসনে নূর হোসেন ও তাঁর সহযোগীরা জুয়ার আড্ডা বসিয়েছেন। এরপর কলকাতা পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াডের (এটিএস) সদস্যরা বাগুইআটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নূর হোসেন ও তাঁর সঙ্গীরা কলকাতায় চিকিত্সার নাম করে কৈখালির ওই আবাসনের চারতলার ঘর ভাড়া করেছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি সাত খুন মামলার আসামি নূর হোসেন কি না, তা গতকাল রাতে নিশ্চিত করেনি কলকাতার পুলিশ। তবে কলকাতার পুলিশ জানায়, বাংলাদেশের পুলিশের অনুরোধে ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল তাঁদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে। এর আগে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।