নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত রাজি হয়েছে। এ জন্য তারা কিছু কাগজপত্র চেয়েছে। বিশেষ করে তাঁর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তা চেয়েছে ভারত। ভারত সরকারকে দেওয়ার জন্য সব কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি গতকাল মঙ্গলবার এ তথ্য দেন। কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংসদ টিপু মুন্সি এ তথ্য দেন।
টিপু মুন্সি সাংবাদিকদের বলেন, গতকালের বৈঠকে মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। কমিটি অধিদপ্তরের কাজে সন্তুষ্ট নয়। তাই দেশে মাদক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকের একটি সূত্র জানিয়েছে, কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ অধিদপ্তরকে অকার্যকর ও ঠুঁটো জগন্নাথ বলে মন্তব্য করেছেন।
জামিন পেয়েছেন নূর হোসেনের সঙ্গী খান সুমন
আমাদের কলকাতা প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমনকে গত সোমবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাতের জেলা ও দায়রা জজ অমিতাভ চট্টোপাধ্যায় জামিন দিয়েছেন।