নূর হোসেনকে ফের আদালতে তোলা হচ্ছে কাল
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামীকাল শুক্রবার ফের পশ্চিমবঙ্গের বারাসাতের একটি আদালতে তোলা হচ্ছে।
১৩ দিনের জেল হেফাজত শেষে নূর হোসেনকে কাল দুপুরে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে।
এর আগে ১৬ আগস্ট তাঁকে একই আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজির করা হয়নি। আদালতে নিযুক্ত পুলিশ কর্মকর্তারা এর কারণ কারণ জানাতে পারেননি। পরে আদালত ১৩ দিনের জেল হেফাজত দিয়ে ২৯ আগস্ট মামলার তারিখ নির্ধারণ করেন।
নূর হোসেন এখন দমদম কেন্দ্রীয় কারাগারে আছেন। কাল তিনি জামিনের আবেদন করবেন কি না, তা জানা যায়নি।
২ আগস্ট আদালতে আনার সময় নূর হোসেন সাংবাদিকদের বলেছিলেন, তাঁর স্বজনেরা কলকাতায় এসেছেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলে জামিনের আবেদন করবেন।
গ্রেপ্তারের পর আড়াই মাস অতিবাহিত হলেও এখনো জামিনের আবেদন করেননি নূর হোসেন। তবে কলকাতায় আসা স্বজনেরা কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।
নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া তাঁর দুই সঙ্গীর মধ্যে খান সুমন জামিন পেয়েছেন। তবে তিনি এখনো মুক্তি পাননি।
অপর সঙ্গী ওহিদুর জামানের জামিনের আবেদন বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে শুনানির জন্য আগামী ২ সেপ্টেম্বর তারিখ ধার্য রয়েছে।
গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেন ও তাঁর দুই সঙ্গী গ্রেপ্তার হন।