নূর হোসেনকে ফেরত পাঠাতে পারে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

ভারতের কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত পাঠানো হতে পারে। বিষয়টি এখন দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিকাশ রঞ্জন দে এমন ইঙ্গিতই দিয়েছেন। তিনি জানান, নূর হোসেনের পক্ষে কেউ জামিনের আবেদন করেনি। বরং নূর হোসেনকে ফেরত চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের দেওয়া চিঠিটি এখন আদালতের নথিভুক্ত। ফলে নূর হোসেনের ফেরত দেওয়ার বিষয়টিও এখন দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যাপার।

এখন ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে ফিরিয়ে দেওয়া হতে পারে। পিপি আরও বলেন, নূর হোসেনকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষে যে আবেদন করা হয়েছে, তাতে বলা হয়েছে তিনি বাংলাদেশে খুন, অপহরণ ও চাঁদাবাজির বেশ কয়েকটি মামলায় জড়িত। কিন্তু এখানকার আদালত সেই বিষয়টি দেখছে না। আদালত তাঁর বিচার করবে বিদেশি আইনে অনুপ্রবেশের অভিযোগে।

পিপি বিকাশ রঞ্জন দে এ কথাও বলেছেন, অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হলে নূর হোসেনের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। তবে দুই দেশের সরকার যদি নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বা নিতে সম্মত হয়, তবে সেভাবেই আদালত নির্দেশ দেবেন তাঁকে ফিরিয়ে দেওয়ার।