
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত সরকার। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর নূর হোসেন বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে যান। ১৪ জুন রাতে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইআটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার হন নূর হোসেন। বাগুইআটি থানার সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
পরদিন গ্রেপ্তার হওয়া তিনজনকে বারাসাতের আদালতে তোলা হয়। নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আট দিনের রিমান্ড শেষে ২৩ জুন নূর হোসেন ও তাঁর দুই সহযোগীকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হয়।
নূর হোসেনকে ফেরত চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে করা আবেদন ওই দিন নথিভুক্ত করেন আদালত।
ওই জামিন বা রিমান্ডে নেওয়ার আবেদন না করায় আদালত ৬ জুলাই পর্যন্ত নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে কারাগারে পাঠান। ৭ জুলাই তাঁদের আবার আদালতে তোলা হবে।