নূর হোসেনকে ফেরত পাঠানো প্রশ্নে শুনানি ১৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রশ্নে আবেদনের শুনানির নতুন তারিখ ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওই দিন বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার শুনানির দিন নির্ধারিত থাকলেও বিচারকের অনুপস্থিতির কারণে তা হয়নি।
সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে প্রথম আলোকে বলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার অভিযোগ থেকে নূর হোসেনকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকার চাইলে যেকোনো সময় এই মামলা প্রত্যাহারের ক্ষমতা রাখে। সে ক্ষেত্রে বিচারক নূর হোসেনের আবেদন গ্রাহ্য না-ও করতে পারেন। আবেদনে নূর হোসেন মামলার বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বাংলাদেশে ফেরত না পাঠানোর অনুরোধ করেছিলেন। তাঁর বিরুদ্ধে শুনানির সর্বশেষ তারিখ ছিল গত ২১ সেপ্টেম্বর। বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক সন্দ্বীপ চক্রবর্তী ওই দিন নূর হোসেনের আবেদন গ্রহণ করে শুনানির পরবর্তী তারিখ ৩ অক্টোবর (গতকাল) নির্ধারণ করেছিলেন।
গত বছরের ১৪ জুন রাতে নূর হোসেনকে দুই সঙ্গী খান সুমন ও ওয়াহেদুজ্জামান সেলিমসহ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের পুলিশ।