নূর হোসেনকে বাংলাদেশে পাঠাতে মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক।
আজ সোমবার মামলার শুনানির দিন ধার্য ছিল। নুর হোসেনের পক্ষে আবেদন করে শুনানির জন্য সময় চাওয়া হলে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক সন্দীপ চক্রবর্তী ওই আবেদন গ্রহণ করে মামলার দ্রুত শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন ৩ অক্টোবর।
এর আগে গত ১৭ আগস্ট সরকারের পক্ষ থেকে সরকারি কৌশলী নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। ওই একই দিন নুর হোসেনের পক্ষে আইনজীবী শিশির নন্দী অপর একটি আবেদনে জানান, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন নুর হোসেনের মামলা প্রত্যাহার করা না হয়। আদালত এই দুটি আবেদনের শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করলে নূর হোসেনের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী তারিখ ৩ অক্টোবর ধার্য করা হয়।
এ মামলার সরকারি আইনজীবী বিকাশ রঞ্জন দে আজ প্রথম আলোকে বলেন, সরকার পক্ষ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে এই মামলা প্রত্যাহার করার জন্য ভারতের ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় আদালতে আবেদন জানানো হয়। তিনি এ কথাও বলেন, সরকার চাইলে যেকোনো সময় এই মামলা প্রত্যাহার করে নিতে পারেন।
আজকের নূর হোসেনের আবেদনের প্রেক্ষিতে বিকাশ রঞ্জন দে আরও জানান, নূর হোসেন বাংলাদেশের একজন অভিযুক্ত অপরাধী। তার বিরুদ্ধে সেদেশে মামলা রয়েছে। তাঁকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আদালতে আবেদন করেছে।
কলকাতার দমদমের কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে আজ যথারীতি বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে আনা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি দেশে ফিরে যেতে চাই’। তবে এই মামলার অপর দু’আসামির মধ্যে অনুপস্থিত থাকেন জামিনে থাকা তার সঙ্গী খান সুমন এবং উপস্থিত থেকে আদালতে হাজিরা দেন অপর সঙ্গী ওয়াহেদুজ্জামান সেলিম। খান সুমনের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই মামলাটি প্রত্যাহার করে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশ নামা পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে আসে। তারপরেই এই মামলা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। যদিও একইভাবে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোরও জন্য ভারত সরকারের কাছে আবেদন আসে। সেই পরিপ্রেক্ষিতেই এই মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। গত ১৮ আগস্ট নূর হোসেন ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র পেশ করে।