জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেছেন, নূর হোসেন হত্যাকাণ্ডের পেছনে লাশের রাজনীতি ছিল। তাঁর ভাষায়, একটি মানুষকে সাজিয়ে-গুজিয়ে বুকের মধ্যে লেখা হলো, ‘গণতন্ত্র মুক্তি পাক’ এবং তাঁকে হত্যা করা হলো। এরশাদ আরও বলেন, নূর হোসেনের গুলি লেগেছিল পিঠে। কিন্তু পুলিশ গুলি করলে সামনে দিয়ে গুলি করবে। পেছন দিয়ে তো পুলিশ গুলি করবে না। তাঁকে মেরে লাশের রাজনীতি করার জন্য এটা সাজানো নাটক ছিল বলে এরশাদ মন্তব্য করেন।গতকাল সোমবার সংবিধান সংরক্ষণ দিবস পালন উপলক্ষে বনানী কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন। ওই সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে দেশের সবচেয়ে বড় অপরাধী হিসেবে আখ্যায়িত করেন এরশাদ। জাতির ক্রান্তিলগ্নে নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান উপদেষ্টার বিচারও দাবি করেন তিনি। দুই দশক আগে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার এরশাদ পদত্যাগে বাধ্য হয়েছিলেন। গতকাল বিভিন্ন সংগঠন দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ বা ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করে। কিন্তু জাতীয় পার্টি একে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে।এরশাদ আরও দাবি করেন, ‘আমরা সংবিধান রক্ষা করেছিলাম। জগতের কাছে পরিচয় দিয়েছিলাম, সামরিক শাসনের মধ্য দিয়ে এলেও আমরা সংবিধান সম্মান করি। গণতন্ত্রকে শ্রদ্ধা করি। কিন্তু গণতন্ত্র আজ বিসর্জিত হয়েছে এ দেশে।’ গণতন্ত্র মুখে আছে, কাজে নেই বলে মন্তব্য করেন তিনি।