নূর হোসেনকে রিমান্ডের দাবি জোরালো হচ্ছে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পুনঃতদন্ত ও প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি জোরালো হচ্ছে। দুই দিন ধরে এ নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। নারায়ণগঞ্জের আইনজীবীরা বলছেন, নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার সুযোগ রয়েছে, যদি পুলিশ চায়। স্বজনেরা বলছেন, নূর হোসেনের কাছে জানার অনেক কিছু আছে। তাঁর কাছ থেকে যদি তথ্যই না বের করা হবে, তাহলে দেশে ফেরত এনে কী লাভ হলো?
রিমান্ডের দাবি: নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনু হাজী রোড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা ওই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে উপস্থিত লোকজন ‘রিমান্ড রিমান্ড রিমান্ড চাই, নূর হোসেনের রিমান্ড চাই, ‘নূর হোসেনের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় সেখানে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।
মানববন্ধনে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, ‘নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। তাঁকে রিমান্ডে নিলে সাত খুনের আসল রহস্য বের হয়ে আসবে।’
নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বলেন, ‘কারা পরিকল্পনাকারী, এটা আমরা নূর হোসেনের মুখ থেকে জানতে চাই। কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই যদি নূর হোসেনকে কারাগারে পাঠানো হলো, তাহলে তাকে দেশে এনে কী লাভ হলো? তার কাছে অনেক কথা জানার রয়েছে।’
বিক্ষোভ সোনারগাঁয়ে: আমাদের সোনারগাঁ প্রতিনিধি জানান, স্থানীয় যুবলীগের নেতা ও কাঁচপুরের ব্যবসায়ী ইসমাইলকে গুমের মামলায় নূর হোসেনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ করছেন এলাকাবাসী। গত শনিবার ও গতকাল রোববার ব্যবসায়ী ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা ও তাঁর স্বজনেরা ওই গ্রামের পাশের সড়কে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল থেকে তাঁর পরিবারের সদস্যরা ও গ্রামবাসী অবিলম্বে ইসমাইল অপহরণ মামলায় নূর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান।