নূর হোসেনকে হস্তান্তরের পরই অনুপ ফিরবেন ভারতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন ও অনুপ চেটিয়া। ফাইল ছবি
নূর হোসেন ও অনুপ চেটিয়া। ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে হস্তান্তর করলেই ভারত ফেরত পাবে অনুপ চেটিয়াকে। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া বর্তমানে বাংলাদেশে কারাবন্দী। আর নূর হোসেন কলকাতায় বন্দী। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, দুই দেশের মধ্যে নতুন করে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় চলতি মাসেই নূর হোসেনকে বাংলাদেশে পাঠাবে ভারত।
সূত্রটি বলে, এটি কোনো বিনিময় নয়। কলকাতায় নূর হোসেনের বিচার চলছে এবং বিচারের স্বার্থেই তাঁকে বাংলাদেশে পাঠানো হবে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান ও বিদেশি মুদ্রা রাখার দায়ে ইতিমধ্যে অনুপ চেটিয়া তাঁর সাজা ভোগ করেছেন। এরপর অনুপ তাঁর জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করায় বাংলাদেশের আদালতের নির্দেশে তাঁকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

সূত্রটি আরও জানায়, ভারত অনুপকে চায় এবং কৌশলগত কারণে তাঁকে ফেরত দেওয়া হবে।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাঁকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়।

নারায়ণগঞ্জে সাত খুনের পর ভারতে পালিয়ে আসেন নূর হোসেন। গত ১৪ জুন রাতে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার হন নূর হোসেন। বাগুইহাটি থানার সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা)। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৯ সালের শেষ দিকে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকে বাংলাদেশ থেকে ধরে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১০ সাল থেকে দিল্লিতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে উলফার শান্তি আলোচনা চলছে। এমন অবস্থায় অনুপ চেটিয়া গত বছর ভারতে ফিরে যাওয়ার আগ্রহ জানিয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দেন। চিঠিতে তিনি এর আগে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য করা আবেদন প্রত্যাহারের কথাও বলেন।
উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া চিঠিতে লিখেছেন, রাজশাহী কারাগারে থাকা তাঁর দুই সহচর লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে নিয়ে তিনি নিজ দেশে ফিরতে চান।