নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ঘনিষ্ঠ সাতজনের ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে এ অস্ত্রগুলো দ্রুত জব্দ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে এসব নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান।
এদিকে সাতজনকে হত্যার ঘটনায় আবদুর রহিম নামের একজনকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সংগঠন গতকালও দিনভর নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই বছরে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন ও তাঁর ঘনিষ্ঠ সাতজনকে ওই ১১টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে নূর হোসেনের দুটি (একটি রাইফেল ও একটি পিস্তল), তাঁর ভাই মো. নূরুউদ্দিন মিয়ার একটি (শটগান), ভাতিজা ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের দুটি (শটগান ও পিস্তল), নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত মো. শাহজাহান, দেহরক্ষী আলী মোহাম্মদ, সানাউল্লাহ ও জামালউদ্দিনের একটি করে (শটগান) এবং ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ও সিদ্ধিরগঞ্জ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আরিফুল হকের দুটি (শটগান ও রিভলবার) অস্ত্রের লাইসেন্স রয়েছে।
এসব লাইসেন্স বাতিলের জন্য নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও শ্বশুর শহীদুল ইসলাম গত শনিবার আবেদন করেন।
হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের জানান পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন। তিনি বলেন, ‘তদন্তে এখনো বলার মতো তেমন অগ্রগতি নেই। তবে আমরা ব্যাপক তৎপরতা চালাচ্ছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে ভালো খবর দিতে পারব।’
শোকসভায় ড. কামাল: দুপুরে আইনজীবী চন্দন সরকার স্মরণে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, সবার নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে।
ড. কামাল হোসেন বলেন, সাত খুনের মতো একটি বড় ঘটনায় এসপি, ওসিকে বদলি করেই সমস্যার সমাধান সম্ভব নয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
শোকসভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘শুধু র্যাবের সিওকে প্রত্যাহার করলেই হবে না, সব সদস্যকে প্রত্যাহার করতে হবে। সরকারি কর্মকর্তাদের মধ্যে যাঁরা নারায়ণগঞ্জ থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, তদন্তের মাধ্যমে তা উদ্ঘাটন করতে হবে।’
এ শোকসভা শেষ পর্যন্ত পরিণত হয় প্রতিবাদ সভায়। সভা শেষে আইনজীবীরা প্রতিবাদ মিছিল বের করেন। পরে ড. কামাল হোসেন চন্দন সরকারের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গণ-অনশনের নতুন কর্মসূচি: সাতজনকে হত্যার প্রতিবাদে কয়েক দিন ধরে আদালত বর্জন করছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার থেকে তাঁরা আদালতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আইনজীবীরা জানিয়েছেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে তাঁদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কর্মবিরতি পালন করে তাঁরা প্রতিবাদ সমাবেশ করবেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালত প্রাঙ্গণে গণ-অনশন কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ওই দিন তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে, জেলা আইনজীবী সমিতির সংস্কৃতিবিষয়ক সম্পাদক কামাল হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন। তিনি অভিযোগ করেন, মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তাঁর ধারণা, চন্দন সরকারসহ সাতজনকে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে যুক্ত থাকায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
সাত হত্যার প্রতিবাদে সন্ধ্যায় চাষাঢ়ার শহীদ মিনারে শোকসভা করেন শামীম ওসমানের সমর্থকেরা। তাঁরা এ ঘটনায় মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দায়ী করে তাঁর তিনটি কুশপুত্তলিকা দাহ করেন।
এদিকে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুলসহ সাতজনকে হত্যার ঘটনার রহস্য উন্মোচনে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে নগর ভবনের সামনে পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিন গতকাল শেষ হয়েছে। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান জানিয়েছেন, বুধবার সিটি করপোরেশনের মাসিক সভায় তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
কর্মবিরতি চলাকালে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সাত খুনের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। তদন্ত সংস্থা নিরপেক্ষভাবে তদন্ত করুক। তদন্তে সুফিয়ান কেন, আমার সন্তানও যদি এ ঘটনায় জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অতীতেও সত্য আড়াল করার জন্য বিভ্রান্তি ছড়ানো হয়েছে।’