নূর হোসেনদের বিচার শুরুর তারিখ পিছিয়েছে

বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে মামলার বিচার শুরুর তারিখ পিছিয়েছে। বিচারক ছুটিতে থাকায় বিচার শুরুর তারিখ পিছিয়েছে।
নতুন করে বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল। বিচার হবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রবীর কুমার মিশ্রর আদালতে।
আজ শুক্রবার দুপুরে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে আদালতে আনা হয়। এই মামলার অপর দুই আসামি ও নূর হোসেনের সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান জেলা দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্ত থাকলেও তাঁরাও আদালতে হাজিরা দেন। কিন্তু বিচারক ছুটিতে থাকায় বিচার শুরুর তারিখ পিছিয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, আগামী ২২ এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুরু হবে বিচার পর্ব।
প্রসঙ্গত, ৯ মাস আগে নূর হোসেন গ্রেপ্তার হলেও এই দীর্ঘ দিনে নূর হোসেনের পক্ষে কোনো জামিনের আবেদন জানানো হয়নি। তবে তাঁর দুই সঙ্গী বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালত থেকে জামিন না পেয়ে জেলা দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান।
গত ১৮ আগস্ট নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র পেশ করলেও এতদিনে বিচার পর্ব শুরু হতে পারেনি।
গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তার দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।
এ দিকে খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ বলেছেন, অভিযোগ গঠনের দিন নূর হোসেনের দুই সঙ্গী ছাড়া পেয়ে যেতে পারেন। কারণ, প্রথম দিকে পুলিশ নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র পেশ করলেও পরে পুলিশ সাপ্লিমেন্টারি অভিযোগপত্র পেশ করে নূর হোসেনের দুই সঙ্গীকে অভিযোগের দায় থেকে মুক্ত করে আদালতে জানিয়ে দেয়, এরা পাসপোর্ট, ভিসা এবং বৈধ কাগজপত্র নিয়ে বিমানে করে কলকাতায় এসেছিলেন।