নূর হোসেনের ওয়ার্ডে জয়ী তাঁর সহযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শূন্য ঘোষিত ওয়ার্ডে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। আলোচিত এই ওয়ার্ডে নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাঁরই এক সহযোগী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের এই উপনির্বাচনে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শিমরাইল, টেকপাড়া, ওয়াপদা কলোনি, আটি ও উত্তর আজিবপুর নিয়ে গঠিত ওয়ার্ডটির এই উপনির্বাচনে প্রার্থী ছিলেন পাঁচজন। মোট ভোটারসংখ্যা ১৪ হাজার ১০৬ জন।
ভোটের ফলে দেখা যায়, নূর হোসেনের সহযোগী আরিফুল হক হাসান (লাটিম প্রতীক) ৩ হাজার ৩৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী (ঠেলাগাড়ি) পেয়েছেন ২ হাজার ৩৯৭ ভোট।
সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, এই উপনির্বাচনে ৫৭ দশমিক ৯৮ শতাংশ ভোট পড়েছে।
২০১৪ সালের এপ্রিল মাসে খুন হন নারায়ণগঞ্জের পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এ মামলার প্রধান আসামি নূর হোসেন পরে ভারতে গ্রেপ্তার হন। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বর্তমানে সে দেশের আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আদালতে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে তাঁর এক বছর সাজা হয়। এ দুটি কারণ দেখিয়ে নূর হোসেনকে বরখাস্ত করা হয়। ফলে তাঁর কাউন্সিলরের পদটি শূন্য হয়।