নূর হোসেনের ওয়ার্ডে উপনির্বাচন: পাঁচজনের মনোনয়নপত্রই বৈধ
সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শূন্য ঘোষিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন—নূর হোসেনের সহযোগী আরিফুল হক হাসান, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুল, ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী, আওয়ামী লীগ সমর্থক আবদুল আজিজ ও এ আর রাসেল। সাত খুনের ঘটনার পর নূর হোসেনের সহযোগী আরিফুল হক হাসানের নামে নেওয়া একটি শর্টগান ও একটি রিভলবারের লাইসেন্সসহ ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, এ উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৩ জুলাই এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৪ জুলাই।
সাত খুনের ঘটনার পর ২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাদী হয়ে নূর হোসেনকে আসামি করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত গত বছরের ৩০ সেপ্টেম্বর তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। দণ্ড পাওয়ার সাত মাস পর গত ১০ মে স্থানীয় সরকার বিভাগ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করে। এই শূন্যতা পূরণে ২৯ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এ ছাড়া সাত খুনের মামলায় গত ৮ এপ্রিল নূর হোসেন ছাড়াও র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল।