নূর হোসেনের আকাঙ্ক্ষা অর্জিত হয়নি: ড. কামাল
যে আকাঙ্ক্ষা নিয়ে নূর হোসেন প্রাণ দিয়েছিলেন, তা অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ সোমবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
গণফোরাম ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সম্মিলিত নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান।
শুরুতে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত নেতা-কর্মীরা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ও ‘নূর হোসেনের রক্ত বৃথা যেতে দেব না’ বলে স্লোগান দেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে কামাল হোসেন বলেন, বাঙালি জাতি অন্যায় মেনে নেয় না। এটি এ জাতির ঐতিহ্য। ’৫২,’৭০,’৭১, ’৯০-এর দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায়। ১৯৯০ সালে ১২ কোটি জনসংখ্যা ছিল, এখন ১৬ কোটি। এই ১৬ কোটি বাঙালির বিজয় অনিবার্য।
কামাল হোসেন বলেন, ‘জনগণ ক্ষমতার মালিক। দেশ আমাদের সবার, কোনো রাজনৈতিক দলের না। পুরোপুরি গণতন্ত্র পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’
যে এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলন করে নূর হোসেন প্রাণ দিয়েছিলেন, সেই এরশাদই এখন সরকারের অংশ। এটিকে কীভাবে দেখেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘এর উত্তর সরকার দেবে। আমি আমার কথা বলতে চাই।’
সম্মিলিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ১৯৯০-এ যে ব্যাপকভিত্তিক আন্দোলন গড়ে তোলা হয়েছিল, আবার সে রকম আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) সভাপতি আ স ম আব্দুর রব ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর শ্রদ্ধা জ্ঞাপন করেন।