নূর হোসেনের খুনিরা সাত দিনেও ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া শিল্প ও বণিক সমিতির পরিচালক নূর হোসেন ওরফে দুলাল হত্যার সাত দিনেও খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী রশিদুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
৮ ডিসেম্বর সন্ধ্যায় মুন্সী রশিদুর রহমান স্থানীয় মহেন্দ্রপুর বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ১৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় খুন হন নূর হোসেন। দুই ঘটনায় পৃথক থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, নূর হোসেনকে কারা হত্যা করেছে, তা নিশ্চিতভাবেই শনাক্ত করা গেছে। তাদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।
গতকাল দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরে মুন্সী রশিদুর রহমানের পরিবারের সদস্যরা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সহস্রাধিক লোক অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, রশিদুরের স্ত্রী সালমা পারভীন ও তাঁর দুই ছেলে উপস্থিত ছিলেন।
রশিদুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমারখালী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি উপজেলা বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান ওরফে তুহিন ও হামিদুল হক ওরফে গুলে মঞ্জুকে রিমান্ডে নেওয়া হয়েছে। অপর দুই আসামি জিল্লুর রহমান ও তুহিনের ভাই বড় ভাই খন্দকার হাফিজুর রহমান ওরফে খোকনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।