নূর হোসেনের গাড়ির চালক মিজানুর ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়িচালক মিজানুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল জানান, গতকাল শনিবার দুপুরে মিজানুর রহমান দীপুকে পটুয়াখালী সদরের নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে রাতে তাঁকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাঁদের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া র্যাবের তিন কর্মকর্তা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।