নূর হোসেনের ট্যাক্সিস্ট্যান্ডের নিয়ন্ত্রণ সহযোগীর হাতে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মুক্তি সরণির মোড়ে অবৈধভাবে মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির স্ট্যান্ড গড়ে তুলেছিলেন সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন। সেই ট্যাক্সিস্ট্যান্ডের নিয়ন্ত্রণ এখন নূর হোসেন সহযোগী আমিনুল হক ওরফে রাজুর নিয়ন্ত্রণে। এই স্ট্যান্ডে প্রতি মাসে ১৪০টি গাড়ি থেকে ৪ লাখ ২০ হাজার টাকা চাঁদা তোলা হয়। আমিনুল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শিমরাইল রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতি।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তি সরণির মোড়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ৫৬ শতাংশ জলাশয় বালু দিয়ে ভরাট করে ২০০৯ সালে ওই ট্যাক্সিস্ট্যান্ডটি গড়ে তোলেন নূর হোসেন। ওই স্ট্যান্ড থেকে তিনি নিয়মিত চাঁদা তুলতেন। সাত খুনের ঘটনায় নূর হোসেন পালিয়ে গেলে চাঁদাবাজি বন্ধ ছিল। ওই সাত খুনের ঘটনায় দায়ের করা মামলায় আমিনুল হকের নামও ছিল। অভিযোগপত্রে পুলিশ আমিনুলকে অব্যাহতি দেয়। ওই খুনের ঘটনার পর থেকে পলাতক আমিনুল গত আগস্ট মাসে এলাকায় ফিরে আসেন ও ট্যাক্সিস্ট্যান্ডটির নিয়ন্ত্রণ নেন।
১৫ নভেম্বর ওই ট্যাক্সিস্ট্যান্ডে গেলে কোনো চালক, গাড়ির মালিক ভয়ে চাঁদাবাজির বিষয়ে কিছু বলেননি। পরে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মালিক বলেন, আগে নূর হোসেন স্ট্যান্ডটি নিয়ন্ত্রণ করতেন। এখন নিয়ন্ত্রণ করেন আমিনুল। প্রতিটি গাড়ি থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে এককালীন চাঁদা নেওয়া হয়। এর বাইরেও বিভিন্ন অজুহাতে প্রতি মাসে নানা চাঁদা নেওয়া হয়। ট্যাক্সিস্ট্যান্ডে ১৪০টি গাড়ি থেকে প্রতি মাসে ৪ লাখ ২০ হাজার টাকা চাঁদা তোলা হচ্ছে।
এ ব্যাপারে আমিনুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মালিকদের অনুরোধে আমি গত সেপ্টেম্বর মাস থেকে শিমরাইল রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছি। সরকারি জায়গায় জনস্বার্থে স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। কোনো চাঁদাবাজি নয়, স্ট্যান্ডের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজারদের বেতন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থাকে বিনা ভাড়ায় একটি মাইক্রোবাস সার্বক্ষণিক সরবরাহ—এসব খাতের খরচ বহনের জন্য গাড়িপ্রতি মাসে ৫০০ টাকা করে নেওয়া হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ সড়ক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সওজের জায়গায় অবৈধভাবে ওই ট্যাক্সিস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। কিন্তু তাঁরা অসহায়।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, শিমরাইলে সওজের জায়গায় অবৈধভাবে কোনো ট্যাক্সিস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।