নূর হোসেনের ট্রাকস্ট্যান্ডে মিলল মাদক, দেশি অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেনের ট্রাকস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেনসিডিল, রামদা ও বিয়ারের ক্যান উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রথম আলো
নূর হোসেনের ট্রাকস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেনসিডিল, রামদা ও বিয়ারের ক্যান উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলে নূর হোসেনের নিয়ন্ত্রণাধীন ট্রাকস্ট্যান্ডে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে ২ হাজার ৮২৪ বোতল ফেনসিডিল, ৫টি রামদা, বিয়ারের ৩৭টি ক্যান ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মইনুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার জানান, এই ট্রাকস্ট্যান্ডটি মাদক ব্যবসার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এক বছরেরও বেশি সময় ধরে এই স্ট্যান্ডে মেলার নামে চলছিল অশ্লীল নৃত্য ও জুয়ার আসর।
নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানায়, কাঁচপুরে শীতলক্ষ্যা নদী দখল করে বালু-পাথরের ব্যবসা, উচ্ছেদে বাধা, পরিবহনে চাঁদাবাজিসহ নানা কারণে বারবার আলোচনায় এসেছেন নূর হোসেন। অভিযোগ রয়েছে, কাঁচপুর ও সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি, নদী দখল, মাদক ব্যবসাসহ অনেক কিছুরই নিয়ন্ত্রক তিনি ও তাঁর লোকজন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ছয়টি হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে।
৩ মে নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও ১২ জনকে আটক করে পুলিশ। এসব ঘটনার পর থেকে বাড়িতে কেউ নেই। এ ছাড়া নূর হোসেনের বিভিন্ন আস্তানায় কয়েক দফা হামলা চালায় জনতা। এর পর থেকে তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে আছেন।