নূর হোসেনের দুই সঙ্গীর জামিনের শুনানি আজ
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের দুই সঙ্গীর জামিনের শুনানি আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পৃথক দুই আদালতে হবে। তাঁরা হলেন খান সুমন ও ওহিদুর জামান শামীম।
গত ১৪ জুন কলকাতা বিমানবন্দরের অদূরে কৈখালির ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গীকেও গ্রেপ্তার করে পুলিশ।
সুমনের জামিনের শুনানি হবে বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে। আর শামীমের জামিনের শুনানি হবে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে।
এর আগে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে খান সুমন তিনবার জামিনের আবেদন করেন। কিন্তু তাঁর সব আবেদন নামঞ্জুর হয়। এরপর তিনি জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন।
বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে গত ২ আগস্ট জামিনের বেদন করেন শামীম। ওই আবেদনের ওপর শুনানির জন্য আজ তারিখ ধার্য রয়েছে।