নূর হোসেনের দুই সঙ্গীর বিরুদ্ধে ভারতে মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের দুই সঙ্গীর বিরুদ্ধে ভারতে মামলা চলবে।

গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক মামলার দায় থেকে নূর হোসেনকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দেন। তবে তাঁর দুই সহযোগীর ব্যাপারে এমন কোনো আদেশ না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা চলবে।

নূর হোসেন কলকাতায় পালিয়ে গিয়ে বাগুইহাটি থানাধীন ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত বছরের ১৪ জুন দুই সঙ্গীসহ গ্রেপ্তার হন। এই দুই সঙ্গী হলেন খান সুমন ও ওয়াহেদুজ্জামান সেলিম। নূর হোসেনসহ তিনজনকেই অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়।

তবে নূর হোসেনকে ভারত সরকারের নির্দেশে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলেও বাকি দুজনের বিরুদ্ধে মামলা চলবে বলে প্রথম আলোকে জানিয়েছেন বারাসাতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে। তিনি বলেছেন, এই মামলায় সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। তিনি আরও বলেন, সুমন ও সেলিম বারাসাতের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে কিছুদিন আদালতে হাজিরা দিলেও এখন তাঁরা আদালতে অনুপস্থিত থাকছেন। আদালত ইতিমধ্যে তাঁদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।