নূর হোসেনের বাড়ির মালামাল জব্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়ির মালামাল গতকাল বৃহস্পতিবার জব্দ করেছে পুলিশ৷ এ সময় আটটি গুলিভর্তি একটি অবৈধ রিভলবারও জব্দ করা হয়৷ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল টেকপাড়ায় তাঁর বাড়িতে এই ক্রোক অভিযান চালানো হয়৷
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, বেলা তিনটার দিকে শিমরাইল টেকপাড়ায় পলাতক নূর হোসেনের বাড়িতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহীনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ এই ক্রোক অভিযান শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহীন জানান, নূর হোসেনের বাড়িতে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযানকালে দুটি এলসিডিসহ পাঁচটি টেলিভিশন, দুটি ফ্রিজ, তিনটি আলমারি, দুই সেট সোফা, ১০টি চেয়ার, একটি শেলফ, একটি হরিণের চামড়া, ক্রিকেট খেলার সামগ্রীসহ বিভিন্ন আসবাব জব্দ করা হয়েছে। এ সময় আটটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়। নূর হোসেনের বাড়ির প্রাঙ্গণে তিনটি ভবন রয়েছে। প্রতিটি ভবনেই তল্লাশি চালানো হবে। তবে অভিযানকালে ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।