নূর হোসেনের বাড়িতে অভিযান, আইনজীবীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ নজরুল ইসলাম অপহরণ ও হত্যার প্রধান আসামি আরেক কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে আজ শনিবার অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার  প্রতিবাদে আগামীকালের ডাকা হরতালের সমর্থনে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
আজ সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। 
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সমাবেশে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আইনজীবী। আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল করব। দেশ থেকে সব ধরনের গুম, অপহরণ বন্ধ হোক।’
বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম হত্যার প্রধান আসামি নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে আটক করার খবর পাওয়া যায়নি। অভিযানের সময় নূর হোসেন বাড়িতে ছিলেন না। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মইনুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।